সব সংবাদ
আন্তর্জাতিক

ভারত আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রায় দুই বছর পর ভারত আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বৃহস্পতিবার ঢাকায় এই ঘোষণা দেন। আগামী ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

ভারত সরকার বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা প্রদান করতে যাচ্ছে। বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দুই বছর এই শ্রেণির ভিসা বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাংবাদিকদের এই ঘোষণা দেন। তিনি বলেন, 'সাধারণ ভ্রমণ ভিসা আবার চালু করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা নেওয়া শুরু হবে। তবে জরুরি মেডিকেল ভিসা মানবিক কারণে আগের মতোই চলতে থাকবে।' প্রাথমিকভাবে পাঁচটি শহরের ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই সেবা আরও বেশি শহরে সম্প্রসারণ করা হবে বলে জানান ত্রিবেদী। তিনি আরও বলেন, 'আশা করি এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম এই কাজটি করতে পেরে অনেক খুশি।' তিনি মাঝে মাঝে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন বলেও জানান।