সব সংবাদ
আন্তর্জাতিক

দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এ তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তাজনিত কারণে এ ভিসা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর ভারতের পর্যটন ভিসা আবার চালু হচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিরা ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন এবং ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন। হাইকমিশনার বলেন, স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম আগামী ২৮ জুন থেকে পুনরায় শুরু হবে। তবে মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ সেবা চালু হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে ভারতের সবগুলো পর্যটন ভিসা বন্ধ হয়ে যায়।