৩-০ গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন
ব্রাজিল সি গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করেছেন এবং কোচ কার্লো আনচেলত্তি শেষ ১৫ মিনিটে নেইমার জুনিয়কে মাঠে নামিয়েছেন। ৭৮ বছর বয়সী এক ব্রাজিলিয়ান সমর্থক তাঁর স্ত্রীর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন।
নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোর ফিফা ফ্যান জোনে ব্রাজিলের দাপটে জয় হয়েছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের মাধ্যমে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। ভিনিসিয়ুস জুনিয়র দুটি গোল করেছেন এবং তাঁর আরেকটি গোল ফাউলে বাতিল হয়ে যায়, তবে হ্যাটট্রিক করার সুযোগ তিনি পাননি।
ব্রাজিলিয়ান সমর্থকরা এই জয়ে খুবই আনন্দিত। ৭৮ বছর বয়সী এলিনো তাঁর ৭০ বছর বয়সী স্ত্রীর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন। ভাঙা কণ্ঠে তিনি বলেন, 'ব্রাজিল জেতায় খুব ভালো লাগছে। ভিনিসিয়ুস দুর্দান্ত ফর্মে রয়েছে।'
এবারের আসরে ব্রাজিলের অন্যতম প্রাপ্তি হলো কোচ কার্লো আনচেলত্তি অবশেষে নেইমার জুনিয়কে খেলিয়েছেন। শেষ ১৫ মিনিটে নেইমার মাঠে নেমে একাধিক শট নিয়েছেন এবং বলের যোগানও দিয়েছেন।
সমর্থক মিলিতো বলেন, 'ব্রাজিল অত্যন্ত দাপটের সঙ্গে খেলেছে। ম্যাচের ফলাফল আরও বেশি হতে পারতো। আমরা এই পারফরম্যান্সের ধারাবাহিকতা চাই।'
স্কটল্যান্ড ম্যাচের ৭ মিনিটে ডিফেন্ডারের ভুলে পিছিয়ে পড়ে এবং দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের দক্ষতায় আর গোল হয়নি। বাংলাদেশি সমর্থক মাহিন গোলরক্ষকের প্রশংসা করে বলেন, 'এ রকম ম্যাচে গোল কনসিড না করা গুরুত্বপূর্ণ। সে খুব ভালোমতো পোস্ট সামলেছে।'
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। সমান পয়েন্ট পেলেও মরক্কো গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে। সি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ৩২-এ এফ গ্রুপের রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে জাপানের সম্ভাবনা বেশি।