সব সংবাদ
জাতীয়

কিশোরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জালিয়াতি: মা-মেয়ের এসএসসি ৭ বছরের ব্যবধান, সাংবাদিককে হুমকি

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম ও জালিয়াতির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক খায়রুল ইসলামকে মধ্যরাতে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই স্বাস্থ্যকেন্দ্রের এক মাঠকর্মী ও তার মেয়ের এসএসসি পাসের বিষয়ে সন্দেহজনক তথ্য উদ্ঘাটিত হয়েছে।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বালিয়ারদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি নিয়ম-নীতির চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা তালাবদ্ধ থাকা এই স্বাস্থ্য কেন্দ্রটি রাতে মাদকের আখড়ায় পরিণত হয়। অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিতোষ বাবু সরকারি নিয়ম ভেঙে দিলালপুর এলাকার উম্মে হানি নামের এক কর্মীকে সরকারি কক্ষ ভাড়া দিয়েছেন এবং হাসপাতালের সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া প্রতি মাসে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার সরকারি নিয়ম থাকলেও তিনি কোনোদিন করেননি, অথচ মাসিক প্রতিবেদনে ভুয়া তথ্য জমা দিয়ে আসছিলেন।

সবচেয়ে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে উম্মে হানি ও তাঁর মেয়ের নথিপত্র ঘেঁটে। দিলালপুর স্বাস্থ্য কেন্দ্রের মাঠকর্মী উম্মে হানির চাকরিতে যোগদান ২০০৮ সালে এবং তাঁর মেয়ে সিনসাইদি বালিয়ারদি স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর পদে যোগদান করেন ২০২০ সালে। কিন্তু নথিপত্র অনুযায়ী, মা উম্মে হানি এসএসসি পাস করেছেন ২০০৪ সালে এবং মেয়ে পাস করেছেন ২০১১ সালে। জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে, মা উম্মে হানির জন্ম ১৯৮৯ সালের ৩ জানুয়ারি ও মেয়ে সিনসাইদী জন্ম ১৯৯৫ সালের ১৮ মার্চ। মা-মেয়ের এই অবিশ্বাস্য শুভঙ্করের ফাঁকি ও দুর্নীতির তথ্য ধামাচাপা দিতেই মূলত একটি চক্র মরিয়া হয়ে উঠেছে।

এসব অনিয়ম ও জালিয়াতির অকাট্য তথ্য নিয়ে সাংবাদিক খায়রুল ইসলাম কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগাযোগ করেন। জেলা উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান জেলা কার্যালয়ের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা বোরহান। গত ২৩ জুন রাত ১১টা ১৬ মিনিটে তিনি সাংবাদিক খায়রুল ইসলামকে ফোন করে সরাসরি প্রাণনাশের হুমকি দেন এবং তাঁর ছেলে আইনজীবী ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রভাব খাটানোর ভয়ভীতি দেখান। স্থানীয় সূত্রের দাবি, কয়েক লাখ টাকার একটি বড় অঙ্কের অবৈধ রফাদফা আড়াল করতেই ওই নেতা সাংবাদিকের মুখ বন্ধ করার এই অপচেষ্টা চালাচ্ছেন।

হুমকির শিকার সাংবাদিক খায়রুল ইসলাম 'কালের নতুন সংবাদ' পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। অভিযুক্ত বোরহান নিজেকে বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে পরিচয় দেন। এদিকে বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্রের অনিয়ম ও জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।