ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ভিএআর বিতর্ক: ভিনিসিয়ুসের গোল বাতিলে মতভেদ
ব্রাজিল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারালেও ম্যাচের ২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল বাতিলের ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছে। মেক্সিকান রেফারি সিজার রামোসের এই সিদ্ধান্তে বিশ্লেষকরা দ্বিমত পোষণ করেছেন। এই একই রেফারি ২০১৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচেও বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন।
স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচেও ফর্মের তুঙ্গে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করেছেন তিনি। কিন্তু হ্যাটট্রিক হতো তার, যদি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে ২২ মিনিটের গোল বাতিল না হতো! ব্রাজিলের ৩-০ গোলের জয় ছাপিয়ে মেক্সিকান রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ভক্ত, বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা বিভক্ত।
২২তম মিনিটে স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনড্রি নিজের অর্ধে বল পায়ে নিয়ে দ্বিধায় ছিলেন। ভিনিসিয়ুস বল দখলে নিয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান। ব্রাজিলিয়ানদের গোল উদযাপন কিছুক্ষণের মধ্যে হতাশায় মিলিয়ে গেছে। মেক্সিকান রেফারি সিজার রামোসকে পিচ সাইড মনিটরে ভিএআর রিভিউ নিতে বলা হয়। রিপ্লে দেখে তিনি গোলটি বাতিল করেন। তার মতে বলটি কেড়ে নেওয়ার সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সাবেক প্রিমিয়ার লিগ অ্যাসিস্ট্যান্ট রেফারি ও বর্তমান বিবিসি রুলস অ্যানালিস্ট ডারেন কান মনে করেন, স্কটল্যান্ড এই সিদ্ধান্তের সুবিধা পেয়েছে। তিনি বলেন, 'আমার মনে হয় না এটা ভিনির ফাউল ছিল। তার পা মাটিতেই ছিল, ডিফেন্ডার তাকে লাথি মেরেছে।'
সাবেক ব্রাজিল মিডফিল্ডার লুকাসত লেইভাও একই মত দিয়েছেন। তিনি বলেন, 'আমার মতে এটা ফাউল নয়, দারুণ প্রেস, স্কোর ২-০ হতে পারত।' অন্যদিকে সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড জেমস ম্যাকফ্যাডেন দ্বিমত পোষণ করেছেন, 'আমার মতে এটি একটি ফাউল এবং সিদ্ধান্তটি সঠিক।'
ওই গোল বাতিল হলেও থেমে যাননি ভিনিসিয়ুস। তার সাত মিনিটের গোলে আগেই ব্রাজিল লিড নিয়েছিল প্রতিপক্ষের স্কট ম্যাককেনার ভুলে। আর হাফটাইমের আগে ভিনিসিয়ুস ব্যবধান দ্বিগুণ করেন। মাঝের গোলটি হলে সেটি হ্যাটট্রিক হতো তার।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ম্যাচে এই মেক্সিকান রেফারির বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্রয়ের সেই ম্যাচেও রামোস দায়িত্বে ছিলেন। ওই ম্যাচে সুইজারল্যান্ডের সমতাসূচক গোলটির আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধাক্কা দেওয়া এবং ম্যাচের শেষ দিকে পেনাল্টি বক্সে গাব্রিয়েল জেসুসকে ফাউল করার পরও পেনাল্টি না দেওয়ায় দুটি বড় বিতর্ক তৈরি হয়েছিল।