বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে তলব করল দুদক
দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য তাকে আগামী সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বক্তব্য শুনতে তলব করেছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে এই তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিসে তাকে আগামী সোমবার দুপুর ৩টায় ঢাকার সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানালেও মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এসেছে, তার বিস্তারিত বলতে পারেননি। এর আগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে থাকার সময় নিজের একটি গাড়ি আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এ সংবাদমাধ্যমেই ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল মাহবুব মোর্শেদের বিরুদ্ধে।