হরমুজ প্রণালীতে অনুমোদন ছাড়া যাতায়াতে ইরানের কঠোর সতর্কতা
ইরানের বিপ্লবী গার্ডরা হরমুজ প্রণালীতে অনুমোদন ছাড়া যেকোনো জাহাজ চলাচলের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। একটি নতুন রুট ব্যবহার করে লিবেরিয়ান তেল ট্যাংকার প্রণালী অতিক্রম করায় তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
ইরানের বিপ্লবী বাহিনী (আইআরজিসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের একমাত্র অনুমোদিত রুট হলো ইসলামিক প্রজাতন্ত্র ইরান ঘোষিত রুট। যেকোনো অননুমোদিত অতিক্রম 'অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক' বলে উল্লেখ করা হয়েছে। এই সতর্কতা এমন সময়ে এলো যখন একটি লিবেরিয়ান পতাকাবাহী তেল ট্যাংকার 'দ্য স্টোইক ওয়ারিয়র' ওমানের উপকূল ঘেঁসে নতুন রুট ব্যবহার করে প্রণালী অতিক্রম করেছে। ওমান এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) যৌথভাবে এই নতুন নিরাপদ করিডোর ঘোষণা করেছিল। আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার তেহরান থেকে জানিয়েছেন, নতুন এই রুট আইআরজিসি-র নিয়ন্ত্রণ এড়িয়ে যাচ্ছে বলে তারা হতাশ। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুদ্ধের শুরু থেকেই ইরানের জন্য একটি বড় লিভারেজ হয়ে উঠেছে, যা দিয়ে তারা প্রতিপক্ষ এবং বিশ্ব অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে আসছে। প্রায় বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে যায়। এটি ইরান ও ওমানের মধ্যে মাত্র ৩০ কিলোমিটার (১৮ মাইল) চওড়া। তেহরান ভবিষ্যতে 'সামুদ্রিক সেবা ফি' আরোপ করার পরিকল্পনা করলেও, যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক জলসীমানা হিসেবে চিহ্নিত করে কোনো টোল বা ফি প্রত্যাখ্যান করেছে।