ফেনী এনসিপি নেতার বিরুদ্ধে শোকজ, সোশ্যাল মিডিয়ায় 'অযোগ্য' আহ্বায়কের সমালোচনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে জেলা আহ্বায়ককে 'অযোগ্য' বলে সমালোচনা করেছিলেন।
এনসিপির ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। গত ২৪ জুন কেন্দ্রীয় দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমর ফারুকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাকে দুই কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ওমর ফারুক লেখেন, জেলা এনসিপিতে অযোগ্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার কোনো সংগঠন চালানোর অভিজ্ঞতা নেই। তিনি আরও বলেন, কমিটির এসব অযোগ্য ও কোরামবাজ লোকজনকে কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য সংগঠকদের মাধ্যমে কমিটি গঠন করা উচিত। একই পোস্টের কমেন্টে তিনি দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, জেলা আহ্বায়ক একক সিদ্ধান্তে দাগনভূঞা কেন্দ্রিক একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে এনসিপিকে কোণঠাসা করে রেখেছেন।
দলীয় নেতাকর্মীদের ধারণা, এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে শোকজ নোটিশ জারি করেছে। উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ফেনী জেলা এনসিপির ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে জাহিদুল ইসলাম সৈকতকে আহ্বায়ক এবং শাহ ওয়ালী উল্লাহ মানিককে সদস্য সচিব করা হয়।