দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত! উদ্বেগজনক তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকের ওপর নির্ভরশীল। এটি দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন সিনথেটিক মাদকের প্রভাবে পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ সময় ঢাকা মহানগর এলাকার ১৫টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আবির্ভাবে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও বেড়েছে। বিপুল সংখ্যক তরুণ এখন মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং তাদের দ্রুত চিকিৎসা প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত ও সহজলভ্য করার জন্য কাজ করছে।