দক্ষিণ লেবাননে ট্রাক দুর্ঘটনায় ইসরাইলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানের সময় ট্রাক দুর্ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরেকজন সেনা মাঝারি ধরনের আহত হয়েছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানের সময় একটি ট্রাক দুর্ঘটনায় আইডিএফের একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট বাসিল সুইদ (৩২)। তিনি উত্তর ইসরাইলের পেকিইন এলাকার বাসিন্দা এবং আইডিএফের ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের একজন চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইডিএফের বিবৃতি অনুযায়ী, দক্ষিণ লেবাননে সামরিক কার্যক্রম চলাকালে তার জ্বালানিবাহী ট্রাকটি দুর্ঘটনায় উলটে গেলে তিনি নিহত হন। ঘটনাটি একটি অপারেশনাল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসিল সুইদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। একই ঘটনায় আইডিএফের আরেকজন যুদ্ধরত সেনা মাঝারি ধরনের আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকেও বিষয়টি অবহিত করা হয়েছে।