নেইমারের ফেরা: ৯৮১ দিন পর জাতীয় দলে, মাঠে ছেলের সঙ্গে আবেগঘন আলিঙ্গন
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন। কিউবার বিপক্ষে ৭৫তম মিনিটে মাঠে নেমে তিনি আবেগে কাঁদে পড়েন। ম্যাচ শেষে তাঁর ১৪ বছরের ছেলে লুকার সঙ্গে আবেগঘন আলিঙ্গন হয়।
ব্রাজিল বনাম কিউবা ম্যাচের আগে স্টেডিয়ামে ব্রাজিলের বেঞ্চ ঘিরে ফটোগ্রাফারদের ভিড় জমে ওঠে। সবার ক্যামেরার লেন্স ছিল নেইমারের দিকে তাক করা। ভিড় ঠেলে নিজেকে গুছিয়ে নেন ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা। ম্যাচের ৭৫তম মিনিটে অ্যাসিস্ট্যান্ট রেফারি বোর্ড তুললেন, গ্যালারি ফেটে পড়ে উচ্ছ্বাসে। মাথিউস কুনহার পরিবর্তনে নেইমার মাঠে নামেন। এটা ছিল তাঁর ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন। ম্যাচের আগেই ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থাকায় জয় নিশ্চিত ছিল। ম্যাচ শেষ হতেই নেইমার গ্যালারির দিকে ছুটে যান। নিজের আবেগ লুকাতে পারেননি, কাঁদতে দেখা যায় তাঁকে। তারপর পরিবারের সঙ্গে মিলিত হন। গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যিনি গর্ভে তাঁর পঞ্চম সন্তান ধারণ করছেন। চার সন্তানের মধ্যে বড় ছেলে ১৪ বছরের ডেভি লুকাকে ডাক দেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে কয়েকবার আটকায়। শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে সম্পর্কের কথা জানানোর পর ছাড় পায় লুকা। বাবা-ছেলে একে অপরকে জড়িয়ে ধরলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। নেইমার পরে বলেন, 'ম্যাচের পর আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। তারপর পরিবারের সঙ্গে দেখা করলাম, সবাই কাঁদছিল, লাফালাফি করছিল, হাসছিল। এটা ছিল মিশ্র অনুভূতি।' তিনি আরও বলেন, 'এটা সত্যিকারের কৃতজ্ঞতার মুহূর্ত। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা, এই জার্সি পরা। আমি এখানে থাকতে ভালোবাসি, ব্রাজিল জাতীয় দলের জার্সি পরতে ভালোবাসি।' ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'আমি ব্রাজিলিয়ানদের ধন্যবাদ জানাতে চাই, তাদের ভালোবাসা এবং সবসময় যে সমর্থন দিয়েছে সেজন্য। এখানে আসা সহজ ছিল না, কিন্তু আমরা পেরেছি।'