ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০+
ভেনেজুয়েলায় ৭ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দুই ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। সিএনএনের জিওলোকেশন করা ভিডিও ফুটেজে রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়া ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, অনেক ভবন ভূমিকম্প-সহনশীল নকশা অনুযায়ী নির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে। ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানী কারাকাসসহ বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং পরবর্তী সময়েও আরও আফটারশকের আশঙ্কা রয়েছে।