সব সংবাদ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ায় তেলের দামে ধস, ব্রেন্ট ৭২ ডলারে

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আবার শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাচ্ছে। বৃহস্পতিবার আগামী আগস্ট মাসের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রতি ব্যারেলে ১ দলার ২২ সেন্ট বা দেড় শতাংশেরও বেশি কমে ৭২ দলার ৫২ সেন্টে নেমে এসেছে। একই সাথে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও প্রায় দলার এক সেন্ট কমে প্রতি ব্যারেল ৬৯ দলার ৩২ সেন্টে দাঁড়িয়েছে। গত ২৭ ফেব্রুয়ারির পর এই দুই ধরনের তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

আইজিবি বিশ্লেষক টনি সাইকামোরের মতে, বাজারে এই আকস্মিক পতন অনেককে চমকে দিয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে যা ভেবেছিল তার চেয়েও অনেক দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যের তেল বাজারে ফিরছে। গত বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারেরও বেশি এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ৩ ডলার কমেছিল।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার এক ফোরামে জানান, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ প্রায় ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে এসেছে। গত ২৪ ঘণ্টায় এই প্রণালী দিয়ে অন্তত ২ কোটি ব্যারেল তেল পার হয়েছে। তবে প্রণালীটি সম্পূর্ণ মাইনমুক্ত করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ অবসানে গত সপ্তাহে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিসহ জটিল বিষয়গুলো সমাধানের জন্য ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ম্যাককুয়ারি বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট এবং ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য যথাক্রমে ৬৭ ডলার এবং ৬২ ডলারে নেমে আসতে পারে, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে ৯৪ ডলার এবং ৮৭ ডলার।