শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী মোরগ বোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পিকআপটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক কাউছার মিয়া (৩৫) নিহত হন। তিনি নরসিংদী জেলার বেলাব থানার ভাটেরচর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। অপরদিকে, সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।