সব সংবাদ
রাজনীতি

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারকে সই করেছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই-এ গতকাল সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মাধ্যমে গণমাধ্যম, থিংক ট্যাংক এবং জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (MoU) সই করেছে। গত ২৫ জুন ২০২৬ তারিখে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন 'তিয়াওইউথাই'-এ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি দুই দলের মধ্যে প্রথম কোনো সমঝোতা স্মারক। এই চুক্তির আওতায় গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং এই সমঝোতায় সই করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।