একই দিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, কোনো যোগসূত্র নেই বলছেন বিশেষজ্ঞ
বিশ্বজুড়ে একই দিনে জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রে পৃথক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই এবং এটি কাকতালীয় মিল।
বিশ্বজুড়ে একদিনে তিনটি দেশে পৃথক পৃথক শক্তিশালী ভূমিকম্প আঘাত হয়েছে। জাপানে ৬ দশমিক ৯ মাত্রার, ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই একই দিনে এতগুলো ভূমিকম্প হওয়ায় এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্স সিএনএনকে জানিয়েছেন, এই ভূমিকম্পগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই। তিনি বলেন, এগুলো পৃথক ফল্ট সিস্টেম এবং প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্প সাধারণত অন্য কোথাও আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় না।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারার কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সংস্থাটি জানিয়েছে, এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।