বিশ্বকাপে ব্রাজিলের নকআউট নিশ্চিত, রিওতে সরকারি কর্মচারীদের ঐচ্ছিক ছুটি
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ১৬-এ পৌঁছেছে ব্রাজিল। এই সাফল্য উদযাপনে রিওর মেয়র আগামী ২৯ জুন সোমবার সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছেন।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। এই দাপুটে জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
এই সাফল্যের আনন্দকে আরও রঙিন করতে রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৯ জুন, সোমবার ব্রাজিলের নকআউট ম্যাচ উপলক্ষে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে। মেয়র কাভালিয়েরি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন। তিনি অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
ম্যাচটি দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস—এই তিন দলের যেকোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই বেশ এগিয়ে রয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন মিম শেয়ার করে কাভালিয়েরি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’