ভেনেজুয়েলায় ভয়াবহ দুই ভূমিকম্প: ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত, বহু হতাহতের আশঙ্কা
ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেয়েছে। প্রথমটি ৭.২ মাত্রার, দ্বিতীয়টি ৭.৩ মাত্রার। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপয়ে উঠেছে পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পরেই কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়টির উৎপত্তিস্থল ইউমার শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি বলেছে, এই দুই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের চোখের সামনেই কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। ভূমিকম্পের পরপরই মার্কিন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভেনেজুয়েলা, আরুবা, বোনেয়ার ও আশপাশের কয়েকটি অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করে। ভার্জিন দ্বীপপুঞ্জ ও ডোমিনিকান রিপাবলিকেও একই ধরনের সতর্কতা দেওয়া হয়। এই ভূমিকম্পটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।