সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, স্কুল-রেল-মেট্রো সেবা বন্ধ

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প (৭.২ ও ৭.৫ মাত্রা) আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্কুল, রেল ও মেট্রো সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) হতাহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ভেনেজুয়েলায় বুধবার রাতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায় ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

এই দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের স্কুল, রেল ও মেট্রো সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও অপ্রয়োজনীয় সরকারি ও বেসরকারি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল উদ্ধার অভিযান তদারকি করবেন। তিনি আরও জানান, রাজধানী কারাকাসের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, এ ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটির আশঙ্কা, হতাহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশটির সরকারিভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

ভূমিকম্পের পর বহু মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিয়েছে। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনী।