ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড সফরে গেছেন। গত বৃহস্পতিবার স্বাক্ষরিত শান্তি চুক্তির পর এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রোববার ভোরে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান ও কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও অংশ নেবে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার একটি বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় যুদ্ধের অবসান, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর কথা বলা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার বাস্তবায়নে ইসলামাবাদ তার সমর্থন অব্যাহত রাখবে। সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরান, কাতার, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বৈঠকের মাধ্যমে আঞ্চলিক সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রতি দেশটির দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।