বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবকের কারাদণ্ড
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন। একজনকে এক বছর এবং আরেকজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিনকে (৩২) এক বছর এবং মোজাফফর আহমদের ছেলে মো. সরোয়ার আলমকে (৩৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনসহ মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রি অব্যাহত রাখেন। বুধবার বিকেলে স্থানীয় জনতা তাদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।