গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন কোচ লাইনচ্যুত, চট্টগ্রামে ছেড়ে গেল ট্রেন
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন পরিবর্তনের পর যাত্রা শুরু করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং লাইনচ্যুত কোচগুলো রেখেই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করার সময় তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত তিনটি কোচ স্টেশন এলাকায় রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। এদিকে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।