সব সংবাদ
জাতীয়

বগুড়ার শাজাহানপুরে ভেজাল আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে একটি আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল পণ্য তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় কারখানা থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানা থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই'র বগুড়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিএসটিআই সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার মাঝিড়া বাইপাস এলাকার 'বেবী আইসক্রিম ফ্যাক্টরি'তে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং ভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করার বিষয়ে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে 'বিএসটিআই আইন, ২০১৮' অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুর রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আইসক্রিম তৈরির কাঠি ও ২৩ সেট ফার্মা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান এবং সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।