ময়মনসিংহে শিশু ধর্ষণ-হত্যা: ৯ দিনেই চার্জশিট, গ্রেপ্তার ৪ অভিযুক্ত
ময়মনসিংহে পাঁচ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা দায়েরের মাত্র ৯ দিনের মধ্যে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ধোবাউড়া থানায় দায়ের করা এই মামলায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ১৪ জুন কংস নদের তীরে পাঁচ বছর বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন এবং সেই রাতেই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার মারুফ (১৯), আরিফ (১৯), রাকিব (২১) ও সাঈমকে (১৯) গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তা ও ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য জানতে পারে এবং আসামিরা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।