সব সংবাদ
অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরে ১৬টি ব্যবসা খাতে ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার

সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি ব্যবসা খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে জানান, সরকার নতুন প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬-২৭ অর্থবছরে ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের আওতায় আনা হবে। এই খাতগুলো হলো মুদি দোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যবিক্রেতা, ডেকোরেটর, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট, স্যানিটারি ফিটিংস ও টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্টের দোকান, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁ। অর্থমন্ত্রী আরও জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। করের আওতা সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।