জমির বিরোধে চাচাতো ভাইয়ের ঘুসিতে প্রাণ গেল যুবকের
মাদারীপুরের শিবচরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারালেন আলতাফ মাদবর (৪৫)। অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন।
মাদারীপুরের শিবচর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের কারণে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আলতাফ মাদবর (৪৫) শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের বাসিন্দা। সে ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলআসছিল। বুধবার (২৪ জুন) বিকালে এই বিরোধ তীব্র বাগবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুসি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।