সব সংবাদ
শিক্ষা

ঢাবি অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে একাডেমিক অব্যাহতি, গান গাওয়ার সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, আর্থিক অনিয়ম ও একাডেমিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সোমবার রাতে অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, আর্থিক অনিয়ম এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলা বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ মে বিভাগের একাডেমিক কমিটি অধ্যাপক তাশরিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তিনি লিখিত ব্যাখ্যা জমা দিলেও তা কমিটির সদস্যদের সন্তুষ্ট করতে পারেনি। বিভাগের অধ্যাপক তারিক মনজুরের ভাষ্য অনুযায়ী, এমফিল ও পিএইচডি গবেষকদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তার রচিত বই বা সম্পাদিত সাময়িকী না কিনলে মূল্যায়নের ক্ষেত্রে তারা বঞ্চিত হতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্ট ও ভিডিও নিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়। উল্লেখ্য, গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে আলোচনায় আসেন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। শাহ আবদুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুর গান নিজের স্বতন্ত্র ঢঙে গেয়ে তিনি ফেসবুক ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে অভিযোগগুলোর বিষয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিবের বক্তব্য পাওয়া যায়নি।