সব সংবাদ
জাতীয়

নবম পে-স্কেলে বেতন বাড়লেও ভাতায় কমানোর আলোচনা

সচিব কমিটির বৈঠকে নবম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। তবে মূল বেতন বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন ভাতায় কাটছাঁট বা সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে সচিব কমিটির একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান অষ্টম পে-স্কেলের আওতায় সরকারি কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা সহায়ক, উৎসব, টিফিন ও ধোলাই এবং বিশেষ ভাতা পেয়ে থাকেন। সচিব কমিটির বৈঠকে মূলত নবম পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং সরকারের আর্থিক সামর্থ্যের বিষয়টি আলোচনা হয়েছে। নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও সামগ্রিক বাজেটের ওপর যেন মাত্রাতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য ভাতার হার পুনর্মূল্যায়ন বা কাটছাঁট করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার শতাংশের হার কমিয়ে একটি যৌক্তিক সীমায় আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতার হার সমন্বয় বা নির্দিষ্ট সিলিং বেঁধে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অপ্রাসঙ্গিক বা বর্তমান সময়ে কার্যকারিতা হারানো কিছু ছোটখাটো ভাতাকে পুরোপুরি বিলোপ করার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, রাষ্ট্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন বাড়াচ্ছে, তাই এর বিপরীতে জনপ্রশাসনে স্বচ্ছতা, কাজের গতি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। নতুন অর্থবছরের শুরু থেকেই নবম পে-স্কেলের বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবিরা। এজন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দও রাখা হয়েছে, যার পরিমাণ প্রায় ৪৪ হাজার কোটি টাকা।