স্কুলছাত্রকে মারধরের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ায় উত্তাল নোয়াখালী
নোয়াখালীর সেনবাগে এক কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র মাশরাফি ইব্রাহীম (১৬) লাঞ্ছিত হওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার অর্জুনতলা ইউনিয়নে সোমবার সন্ধ্যায় এই মারধরের ঘটনা ঘটে।
নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রকে মারধরের দৃশ্য ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২২ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকায় কাশেম খালাসি বাড়িসংলগ্ন একটি কালভার্টের উপর। ভুক্তভোগী মাশরাফি ইব্রাহীম (১৬) সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে এবং স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। মাশরাফির অভিযোগ, সে সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। তারা মাশরাফির কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে তার বিরোধ রয়েছে দাবি করে তাকে বেধড়ক মারধর শুরু করে। হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে পরে টিকটকে ছড়িয়ে দেয়। বুধবার বিকালে ভিডিওটি স্থানীয়দের নজরে আসে। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন জানান, ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।