জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুখবর পাচ্ছে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর সফল হওয়ায় আগামী জুলাইয়ের মধ্যে সেদেশের শ্রমবাজার নিয়ে ইতিবাচক খবর আসতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মাসে বাংলাদেশ সফর করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং তখন চলমান বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন। এদিকে, ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। এছাড়াও, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য 'কিডস জোন' স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।