২১ জুন: ইতিহাসের পাতায় স্মরণীয় একদিন
প্রতিটি দিনই ইতিহাসের অংশ। ২১ জুন বিশ্ব ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এইদিনে যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়েছিল, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল জাম্বিয়া এবং প্রথম বেসরকারি মহাকাশযান সফলভাবে উড্ডয়ন করেছিল।
সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজ ২১ জুন ২০২৬, রোববার। নানা উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী এই দিনটি। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি।
১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়। ১৮৬২ সালে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৯৮ সালে যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়। ১৯১৬ সালে তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ হয়। ১৯৩৫ সালে প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ সালে স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী। ১৯৭০ সালে ব্রাজিলের তৃতীয়বার জুলে রিমে কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ করে। ১৯৭২ সালে জাম্বিয়া বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৬ সালে ফ্রান্সের রেডিও স্টেশনের মার্কিন মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন। ১৯৮১ সালে ইমাম খোমেনী ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
১৯৮৫ সালে থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস পালন শুরু হয়। ১৯৯০ সালে ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৪ সালে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়। ২০০২ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করেন এবং স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন। ২০০৪ সালে মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে। ২০২০ সালে বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এইদিনে জন্মগ্রহণ করেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। ১৭৮১ সালে ফরাসি গণিতবিদ সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ১৯০৫ সালে ফরাসি দার্শনিক জাঁ পল সার্ত্র, ১৯৫৩ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো, ১৯৮২ সালে প্রিন্স উইলিয়াম জন্মগ্রহণ করেন।
এইদিনে প্রয়াত হয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। ১৯৭০ সালে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ, ১৯৯১ সালে বাংলাদেশি কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, ২০১২ সালে ভারতীয় ফটো সাংবাদিক সুনীল জানা প্রয়াত হন।