শিশু মৃত্যুর ঘটনায় তলব বেবি কেয়ার হাসপাতাল
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর শ্যামলী এলাকায় 'শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালে' মঙ্গলবার বিকালে চার মাস বয়সি এক শিশু মারা যায়। শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য হাসপাতালের অক্সিজেন লাইনে লিকেজকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁর বাচ্চা চিকিৎসায় ভালো হচ্ছিল, কিন্তু দুর্ঘটনার কারণে সে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই দাবি স্বীকার করছে না। হাসপাতালের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশুটির অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এ সময় একটি বিকট শব্দ হয় এবং পরে জানা যায় অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই শিশুটিকে এইচডিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিছুক্ষণ পরে সে মারা যায়। তবে চিকিৎসকের দাবি, শিশুটির মৃত্যু অক্সিজেন লিকেজের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, শিশুটি হাম থেকে সুস্থ হয়ে ১৫-২০ দিন আগে বাসায় গিয়েছিল। পরে হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত হলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা কাকতালীয় বলেও দাবি করেন তিনি। অক্সিজেন লাইনে লিকেজ ধরা পড়ার পর হাসপাতালে থাকা বাকি পাঁচটি শিশুকে সিটি কেয়ার নামে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আবু হোসাইন মো. মইনুল আহসান জানান, তাদের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেছে এবং বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য শুনে স্বাস্থ্য অধিদপ্তর পরবর্তী সিদ্ধান্ত নেবে।