কুমিল্লায় একই সাথে দুই ট্রেনে বিপদ, চট্টগ্রাম-ঢাকা রেলপথে যোগাযোগ বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বুধবার সন্ধ্যায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনায় পড়ে। হাসানপুর স্টেশনের কাছে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এই ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর স্টেশনের কাছে পৌঁছানোর আগেই ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকা পড়ে। এদিকে, সোনার বাংলার ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে চারটি বগি লাইনচ্যুত হয়। দুই লাইনে ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরবর্তীতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। সোনার বাংলা ট্রেনের সচল ইঞ্জিন রওনা হয়েছে এবং মেঘনা এক্সপ্রেস চারটি বগি রেখে বাকি ট্রেন লাকসাম চলে আসছে।