সব সংবাদ
ফেনী

ফেনীতে মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকালে একটি মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা লেগে দুজন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার স্টার লাইন সিএনজি পাম্পের কাছে।

নিহতরা হলেন ট্রাকের হেলপার আহসানুল ইসলাম (১৫) এবং পথচারী মির হোসেন (৪৫)। আহসানুল ইসলাম চট্টগ্রামের ভুজপুর থানার সিকদারখীল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। মির হোসেন ফেনী সদর উপজেলার মধ্যম কাছাড় গ্রামের ছন্দু মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় আরেক পথচারী সুনাম গুরুতর আহত হয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি একই উপজেলার কাছাড় গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ও দুই পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি জব্দ করেছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।