সব সংবাদ
রাজনীতি

১৭ বছরের অপেক্ষার পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বাংলাদেশ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছর পর দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে। তিনি এরশাদ আমলের সংসদের সমালোচনা করে বলেন, অতীতে অনেক ফাঁকেতালে এমপি নির্বাচিত হয়েছিলেন।

বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং জনগণের আস্থা বাড়বে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি।

স্পিকার বলেন, এরশাদ আমলের সংসদ সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, দুদিন পরে দেখি অন্য লোক। সংসদে এসে দেখি অন্য লোক। ফাঁকেতালে অনেক লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনেকেই নিজ গুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।

ভোটিং প্যাটার্ন দেখে মনে হয়েছে সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায়। মানুষ প্রকৃত সংসদ চায়। এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, দেশের গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।