সব সংবাদ
অর্থনীতি

মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গত মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ৬১.৯৭ শতাংশ সহজ শর্তের এবং ৩৯.০৩ শতাংশ কঠিন বাণিজ্যিক শর্তের ঋণ।

সংসদের প্রশ্নোত্তর পর্বে সদস্য মুস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে আজ বুধবার অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উত্তরণের পর থেকে বৈদেশিক ঋণের সহজ শর্তের সুবিধা কমে আসছে। একই সময়ে সরকারের নেওয়া বৈদেশিক ঋণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার ফলে আগামী বছরগুলোতে ঋণের আসল ও সুদ পরিশোধের বাধ্যবাধকতা বাড়বে। অর্থমন্ত্রী বেশ কিছু চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন, নতুন বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রস্তাব ও প্রকল্পগুলো নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে যেন উচ্চ সুদের অপ্রয়োজনীয় ঋণ নিয়ে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন না হয়। শুধু আর্থিকভাবে লাভজনক প্রকল্পগুলোর জন্যই বৈদেশিক ঋণ বিবেচনা করা হচ্ছে এবং প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করার কাজ করছে এবং ঋণের স্থায়িত্বশীলতা বিশ্লেষণ করছে।