সব সংবাদ
অন্যান্য

লক্ষ্মীপুরে দুই মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী মুর্শিদা আক্তার নিশি

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ তার সন্ধানে কাজ করছে। এর মধ্যে একবার ইমোতে সে তার মাকে জানায়, সে একটি ঘরে আটকে আছে।

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। সে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। তার মা ছকিনা বেগম মেয়েকে ফেরত পেতে আকুতি জানিয়েছেন। পুলিশ তার সন্ধানে কাজ করছে। জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে নিশি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে তোরাবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। পথে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে চালক তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেন। পরে সে অন্য একটি অটোরিকশায় ওঠে। সেই অটোরিকশাতেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এদিকে ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলে। সেই সময় সে মাকে জানায়, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোথায় আছে, তা বলতে পারেনি। নিশির চাচা আবুল বাশার জানান, নিশি ইমোতে কল দিয়ে জানিয়েছে, এক নারী তাকে খাবার দিতে আসেন। ওই নারীর মোবাইল ফোন থেকে ইমোতে কল দিয়ে সে তার মাকে বিষয়টি জানিয়েছে। ২৫ এপ্রিল নিশির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ইমোতে কথা বলায় সে কোথায় আছে, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অপহরণের শিকার হয়নি। তবে দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি।