মাদারীপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
মাদারীপুরের রাজৈরে এক ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে সাড়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গত ২০২৩ সালের ১৯ মার্চ ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও নাফিজকে গ্রেফতার করে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ২৩ মার্চ রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ৩১ মার্চ পুলিশ নাফিজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। যুক্তিতর্ক ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৪ জুন মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। দোষ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নাফিজের মা শাহানা বেগমকে মুক্তি দেন বিচারক।