সব সংবাদ
জাতীয়

সরকার চূড়ান্ত করল নবম পে স্কেলের রূপরেখা, জুলাই থেকে কার্যকর হচ্ছে

সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি কার্যকর হবে। তবে জনপ্রশাসন খাতের সুপারিশ চূড়ান্ত হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (২৪ জুন) পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে জনপ্রশাসন সংশ্লিষ্ট পে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা শেষে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসংক্রান্ত প্রস্তাবগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হতে পারে।

তবে বেতন কত শতাংশ বাড়বে বা নতুন পে স্কেল কত ধাপে কার্যকর করা হবে—এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বৈঠকে অংশ নেওয়া সদস্যরা। তবে সূত্র জানিয়েছে, তিনটি বিকল্প ধরে কাজ করছে সরকার। প্রথম প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম-২০তম গ্রেডের ক্ষেত্রে ৬০ শতাংশ বেতন বৃদ্ধি করা হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন। নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার এবং আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।