বিশ্বকাপে সাংবাদিকদের জন্য শুধু পানি! মিডিয়া সেন্টারে খাবারের বিস্তারিত
বিলিয়ন ডলারের বিশ্বকাপে মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে শুধু পানি দেওয়া হচ্ছে। এবারের আয়োজনে মিডিয়া সেন্টার শুধু খেলার দিন ও তার আগের দিনই খোলা থাকবে।
বিশ্বকাপ মানে সাংবাদিকদের জন্য ব্যস্ত সময়। সাধারণত টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে থেকে মিডিয়া সেন্টার চালু হয় এবং টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা খোলা থাকে। তবে এবারের বিশ্বকাপে নিয়ম ব্যতিক্রমী। এবার শুধু খেলার দিন এবং তার আগের দিনই মিডিয়া সেন্টার খোলা থাকবে। বাকি সময় স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশের সুযোগ নেই। মিডিয়া অ্যাক্রিডিটেশন স্ক্যান করলেই লাল রংয়ের 'মিডিয়া সেন্টার ক্লোজ' বার্তা উঠে আসবে।
যে সকল দেশ টুর্নামেন্টে অংশ নেয়, সেই দেশের সাংবাদিকরা নিজ দলের সাথে শহরে শহরে ঘুরে খবর সংগ্রহ করেন। অন্যদিকে অংশগ্রহণকারী নয় এমন দেশের সাংবাদিকরা ভেন্যু ভিত্তিক কাভার করেন। এবারের নতুন নিয়মের কারণে অনেকেরই অভিজ্ঞতা বদলেছে।
মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে শুধু পানি দেওয়া হয়। অন্য কোনো খাবার সৌজন্যমূলক দেওয়া হয় না। তবে প্রতিটি স্টেডিয়ামে মিডিয়া ক্যাফে রয়েছে, যেখানে দাম সাধারণ ক্যাফের চেয়ে বেশি।
প্রেস কনফারেন্সের ব্যবস্থাও প্রতিটি স্টেডিয়ামে আলাদা। বিশ্বকাপের সবচেয়ে বড় ভেন্যু নিউ জার্সি স্টেডিয়ামে প্রেস কনফারেন্স কক্ষ মিডিয়া সেন্টারের ভেতরেই অবস্থিত। খেলা শেষে কোচ ও খেলোয়াড়দের হেঁটে বা শাটলে সেখানে আসতে হয়। অন্যদিকে ফিলাডেলফিয়ায় প্রেস কনফারেন্স রুম স্টেডিয়ামের বাইরে আলাদা জায়গায় হওয়ায় কোচ ও খেলোয়াড়দের বাইরে যেতে হয়।