সরকার সব স্তরে দলীয়করণ করছে, একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা সহ প্রতিটি স্তরে দলীয়করণ করছে। নবগঠিত সংসদে চরম বৈষম্য দেখা যাচ্ছে এবং বিরোধীদলের এমপিদের অবমূল্যায়ন করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা সহ প্রতিটি স্তরে দলীয়করণ করছে। রাজধানীর মগবাজারে বুধবার অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেছেন, নবগঠিত সংসদেও চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধীদলের এমপিদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জাতির জন্য চরম হতাশাজনক। সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যখন মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সরকার ব্যাংকটিকে পুনরায় ফ্যাসিবাদের দোসরদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তিনি মনে করেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেবে এবং দেশবাসী আশা করে সরকার এই ক্ষেত্রে দ্রুত শুভবুদ্ধির পরিচয় দেবে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ জাতির সামনে দৃশ্যমান। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে উসকানি দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুন কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন আয়োজন করছে জামায়াত।