সব সংবাদ
জাতীয়

সামাজিক মাধ্যমে গুজব-অপপ্রচারকারীদের সাইবার আইনে আনার ভাবনা সরকারের

সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে এ প্রশ্নোত্তর উত্থাপিত হয়। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে সরকার বিভিন্ন আইনগত, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েছে। বিটিআরসি ফেইসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর, ভুয়া ও গুজব কনটেন্ট অপসারণের উদ্যোগ নিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে ভুয়া আইডি শনাক্ত, সাইবার অপরাধ তদন্ত এবং অপপ্রচারকারীদের শনাক্ত করার কার্যক্রম জোরদার করা হচ্ছে। অন্যদিকে, যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন অনুযায়ী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থার অনুরোধে আপত্তিকর তথ্য-উপাত্ত বা সাইট অপসারণ বা ব্লক করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয় বিটিআরসি। তবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিটিআরসির নিজস্ব কোনো প্রযুক্তি ও যন্ত্রপাতি নেই। মোবাইল ব্যাংকিং প্রতারণা বন্ধে বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীদের নিবন্ধনের সঠিকতা যাচাই ও নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি কেনার কার্যক্রম চালাচ্ছে। মোবাইল সিম নিবন্ধন আরও সুরক্ষিত করতে ফেসিয়াল রিকগনিশনভিত্তিক যাচাইকরণ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম শুরু হয়েছে।