ফেনীতে সড়ক দুর্ঘটনা: পিকআপ ভ্যানের গাছে ধাক্কা, নিহত ২
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এক পথচারী ও এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন মীর হোসেন (৪৫) ও আহসানুল হক (১৫)। মীর হোসেন পথচারী এবং আহসানুল হক পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহসানুল হকের বাবা সিদ্দিকুর রহমান।
মীর হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার এলাকার বাসিন্দা। আহসানুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শিকদার খিল গ্রামে।
আহত অবস্থায় চারজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ শহীদ জানান, কিশোরটির মাথা ও ঊরুতে জখম হয় এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।