সব সংবাদ
জাতীয়

মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া বৃদ্ধের মৃত্যু, চালককে গ্রেফতার করেছে পুলিশ

নরসিংদীর পলাশ উপজেলায় এক বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় চালককে আটক করেছে এলাকাবাসী। পরে থানায় হস্তান্তর করা হলেও ওই বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় মারা গেছেন।

নরসিংদীর পলাশ উপজেলার বাগদি এলাকায় বাগদি-ঘোড়াশাল সড়কে বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাস থামিয়ে চালক রক্তাক্ত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে এবং মারধর করে থানায় খবর দেয়। পুলিশ এসে চালককে গ্রেফতার করে এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খান জানান, গুরুতর আহত ওই ব্যক্তিকে আনার ২০-২৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসচালক মনির হোসেন (৪০) বলেছেন, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি হাসপাতালে নেওয়ার জন্য ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দিয়েছিলেন। পুলিশি ঝামেলার আশঙ্কায় তিনি নরসিংদীর নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।