ফিফার নতুন প্রস্তাব: টাইব্রেকারে একটি টসই যথেষ্ট
বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা। বর্তমানে দুটি কয়েন টস হয়, কিন্তু নতুন প্রস্তাবে একটি টসে দুই সুবিধার মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। এর ফলে কোনো দল যাতে দুই টসেই হারলে কোনো সুবিধা না পায়, সেই সমস্যা সমাধান হবে বলে ধারণা।
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে ২৮ জুন। এর মধ্যেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে এবং দ্বিতীয় টসে ঠিক হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে। ফিফা এখন এই দুই টসের বদলে শুধু একটি টস রাখতে চায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টসে জেতা দল দুটি বিকল্পের একটি বেছে নিতে পারবে—হয় আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। অন্য সুবিধাটি পাবে টসে হারা দল। বর্তমান নিয়মে একটি দল দুই টসেই হারলে কোনো সুবিধাই পায় না—আগে শট নেওয়ার সুযোগ থাকে না, আবার নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগও থাকে না। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন পরিস্থিতির মুখে পড়েছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যায় ইংলিশ ক্লাবটি এবং পরে টাইব্রেকারেও হারে। এ ধরনের সমস্যা এড়াতেই পরিবর্তনের কথা ভাবছে ফিফা। দ্য টাইমস জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা করেছে তারা। টাইব্রেকারে আগে শট নেওয়ার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আগে শট নেওয়া দল তুলনামূলক বেশি সফল হয়। তবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল এর ব্যতিক্রম। সেবার টাইব্রেকারে গোলপোস্ট বেছে নেওয়া এবং আগে শট নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স, কিন্তু জিতেছিল আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে আগামী দু–একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।