সরকার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিল
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার (২৪ জুন) চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে। এতে মোট খরচ হবে প্রায় ৮১২ কোটি ৩০ লাখ টাকারও বেশি।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চার কোটি লিটার ভোজ্যতেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয় করা হবে। এজন্য ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে এবং প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয় করা হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকায়। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
এই বৈঠকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে, যাতে মোট খরচ হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় করা হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকায় এবং প্রতি কেজির দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকায় এবং প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৭৪ টাকা ৮৬ পয়সা।