১৭ বছরের অকার্যকর সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৭ বছর ধরে অকার্যকর সংসদের পর এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। তিনি জানান, অনেক সময় ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন। বুধবার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত 'ফল উৎসব-২০২৬'-তে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণমাধ্যমের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে। তিনি বলেন, '১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই।' স্পিকার আরও বলেন, 'অনেক সময় টেলিভিশনে দেখেছি, রেডিওতে শুনেছি এ এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, দুই দিন পরে দেখি অন্য লোক। সংসদে এসে দেখি অন্য লোক। ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন।' বুধবার (২৪ জুন ২০২৬) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত 'ফল উৎসব-২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'এতদিন এ ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে অনেকেই নিজগুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।' স্পিকার আরও বলেন, 'ভোটিং প্যাটার্ন দেখে মনে হয়েছে সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায়। অতীতে আমরা যে ধরনের সংসদ দেখেছি এবং এমপিরা যেসব কর্মকাণ্ড করেছেন, মানুষ তাতে সন্তুষ্ট ছিল না। মানুষ প্রকৃত সংসদ চায়। এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। আমাদের জনগণকে সেবা করতে হবে।' অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, সরকারদলীয় হুইপ জি কে গউছ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।