সব সংবাদ
জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত: তাহিরপুরের যুবক গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্ত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্ত। সে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গড়কাটি গ্রামের দীপ্ত রায় ওরফে প্রিন্স রায় দীপ্ত 'খেলাফতের' বাংলাদেশ নামক একটি পেইজের কমেন্ট বক্সে নিজের ব্যক্তিগত ফেসবুক থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে উদ্দেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অশ্লীল মন্তব্য করেন। এ ঘটনায় ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে মুসলিম এবং সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার বাদাঘাট বাজারের কলেজ রোডে বিক্ষুব্ধ জনতার 'মবের' শিকার হওয়ার পূর্বেই ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর ওই রাতেই তাকে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাহিরপুর থানা থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে হেফাজতে নেয়। বুধবার দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তাহিরপুর জোন) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাহিরপুরের ঘটনাস্থল বাদাঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে এ তথ্য নিশ্চিত করেন।