সব সংবাদ
অর্থনীতি

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে ট্রেনের কোচ আসছে বাংলাদেশে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনের কোচ আসতে যাচ্ছে বাংলাদেশে। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ রপ্তানি হবে বলে ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনের কোচ আসছে বাংলাদেশে। আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে এই কোচগুলো বাংলাদেশে পাঠানো হবে বলে সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসকে জানিয়েছে ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা।

ভারত থেকে ৯১৫ কোটি রুপিতে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। এই চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে ২০টি কোচ পাঠানো হবে। এই কোচ কেনায় অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে ভারত এই কোচ নির্মাণের কাজ পায়।

কোচগুলো তৈরি করা হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায়। ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এই চুক্তির প্রথম রেক আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে এবং বাংলাদেশের কাছে বগিগুলো হস্তান্তরে প্রস্তুতি চলছে।

২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের রপ্তানির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু নতুন ২০টি কোচ আসার মাধ্যমে বাংলাদেশে ভারতের বগি রপ্তানির বিষয়টি পুনরায় শুরু হবে। এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০ মিটার গজ লোকোমোটিভ পাঠিয়েছিল।