সব সংবাদ
রাজনীতি

পররাষ্ট্রসচিব পরিবর্তনের দ্বার উন্মোচন, লন্ডন-নিউইয়র্ক মিশনে নতুন মুখ

সরকার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্রসচিব করা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদ্দবদলের প্রস্তুতি চলছে। পররাষ্ট্রসচিব পদে পরিবর্তন আনছে সরকার। বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের এক স্থায়ী প্রতিনিধির কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশের ফেরার পর নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

পররাষ্ট্রসচিব ছাড়াও নিউইয়র্ক, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উপ-স্থায়ী প্রতিনিধিকে পরিবর্তন করা হচ্ছে। সরকারের প্রভাবশালী ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মীকে স্থায়ী প্রতিনিধি করা হতে পারে। আর উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত পদমর্যাদায় রাজনৈতিক নিয়োগের পাশাপাশি এক পেশাদার কূটনীতিককে পদায়নের কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে লন্ডনকে 'দ্বিতীয় আঁতুড়ঘর' বলা হয়। এই লন্ডনে বর্তমান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়ায় শিগগিরই নতুন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে।

মরিশাসে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক জকি আহাদ। ১৭তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তাকে পরবর্তী অ্যাসাইনমেন্টে ডেনমার্কে পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রগুলো পররাষ্ট্র সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।

নির্ভরযোগ্য একটি কূটনৈতিক সূত্র বলছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। তারই স্থলাভিষিক্ত হয়ে রাজনৈতিক নিয়োগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে পারেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান।

দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে ২০২৫ সালের ২০ জুন দায়িত্ব নেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সাবেক অন্তর্বর্তী সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার পররাষ্ট্রসচিব পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিলেও বর্তমান পররাষ্ট্রসচিবের পরবর্তী দায়িত্ব কী হতে পারে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এটা নিশ্চিত যে, তাকে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠাবে সরকার। এক্ষেত্রে ইউরোপের একটি দেশ হতে পারে তার গন্তব্য।

সিঙ্গাপুর ও ইরান মিশনের রাষ্ট্রদূত পদগুলো এই মুহূর্তে খালি রয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে পেশাদার কূটনীতিক ফেরদৌসী শাহরিয়ারকে সিঙ্গাপুরে হাইকমিশনার করা হয়। তিনি সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

অন্যদিকে, নেদারল্যান্ডস, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী, আন্দালিব ইলিয়াস ও ডি এম সালাউদ্দিন শিগগিরই নতুন দায়িত্বে যোগ দেওয়ার কথা।